নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : খুলনায় ১১ দলীয় ঐক্যের কর্মসূচি শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মী বহনকারী একটি বাসের বেপরোয়া চাপায় আব্দুল খালেক মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। পথচারীকে পিষে দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক মোড়ল পাটকেলঘাটার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের আফতাব মোড়লের ছেলে। স্থানীয়দের তথ্যমতে, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনায় আয়োজিত লংমার্চের পথসভা শেষ করে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বাসটি সাতক্ষীরায় ফিরছিল। পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় দ্রুতগতির বাসটি পথচারী আব্দুল খালেককে সজোরে ধাক্কা দিয়ে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। পথচারীকে চাপা দেওয়ার পরপরই চালক নিয়ন্ত্রণ হারালে পুরো বাসটি সড়কের পাশের একটি খাদযুক্ত পুকুরে গিয়ে উল্টে পড়ে।
বাসটি পানিতে নিমজ্জিত হওয়ার পর ভেতরে থাকা জামায়াতের নেতাকর্মীরা আটকা পড়েন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত নেতাকর্মীদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার ঘোনা এলাকায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং জেলা জামায়াতের শীর্ষ নেতারা। সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশ নেওয়া অর্ধশতাধিক নেতাকর্মী ছিলেন। গাড়িটি উদ্ধারের কাজ চলছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, বাসের চাপায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। পুকুর থেকে দুর্ঘটনাকবলিত বাসটি টেনে তুলতে ফায়ার সার্ভিস কাজ করছে। বাসটির নিচে আরও কেউ চাপা পড়ে আছে কি না, তা পুরোপুরি উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে।
