নিজস্ব প্রতিবেদক: ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪১তম সম্মেলন। ২০২৭ সালের এই সম্মেলনের স্বাগতিক শহর হিসেবে সর্বসম্মতিক্রমে ওয়াশিংটন ডিসিকে নির্বাচিত করা হয়েছে।
গত রোববার লং আইল্যান্ড সিটির ইভানজেল সেন্টারের কনফারেন্স রুমে ফোবানার বার্ষিক সাধারণ সভায় ২০২৭ সালের ৪১তম ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেনসেলভেনিয়া, ফ্লোরিডা ঢাকা ক্লাব এবং হেরিটেজ ফাউন্ডেশন ওয়াশিংটন ডিসি। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ওয়াশিংটন ডিসিকে হোস্ট সিটির দায়িত্ব দেওয়া হয়।
সভায় ফোবানার ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকারিয়া চৌধুরী। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল আমিন বাবু ও শফিকুল আলম।
এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন দেওয়ান মনিরুজ্জামান। জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সুব্রত তালুকদার ও মাহমুদুল হাসান। ট্রেজারার নির্বাচিত হয়েছেন সাজ্জাদুল হাসান।
বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্বের পাশাপাশি ফোবানার সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এদিন ৩১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়। নতুন কমিটি ফোবানার কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করতে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
২০২৭ সালের ৪১তম ফোবানা সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে আগ্রহ তৈরি হয়েছে। ওয়াশিংটন ডিসিতে আয়োজিতব্য এই সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশি সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্টজনদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
৪১তম ফোবানা সম্মেলনের আহবায়ক নির্বাচিত হয়েছেন জনাব দস্তগীর জাহাঙ্গীর এবং সদস্য সচিব জনাব ড. মোহাম্মদ হোসেন।
Comments
