ফোরটিন ডেস্ক : প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে স্বাচ্ছন্দ্যে ও বীরের বেশে স্বাগত জানাতেই ভবিষ্যতে বাংলাদেশে প্রকৃত ‘জেন-জি’ (Gen Z) বিপ্লব সংঘটিত হবে বলে দাবি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চ্যুয়াল বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া দেশব্যাপী রাজনৈতিক উত্তাপের মধ্যেই ছাত্রলীগের শীর্ষ এই নেতার বক্তব্য সামনে এল।
সাক্ষাৎকারে সাদ্দাম হোসেন বলেন, তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ কোনো নির্দিষ্ট বা একমুখী রাজনৈতিক গোষ্ঠী নয়। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি তরুণরা আবেগপ্রবণ হয়ে অংশ নিলেও, পরবর্তীতে ঘটে যাওয়া অরাজকতা, সহিংসতা এবং দেশের বর্তমান দিকবিদিকশূন্য রাজনৈতিক গতিপথ দেখে তাদের একটি বিরাট অংশ এখন মারাত্মকভাবে হতাশ ও মোহভঙ্গ বোধ করছে।
ছাত্রলীগ সভাপতি কঠোর অভিযোগ করে বলেন, পটপরিবর্তনের পর গত দুই বছরে দেশে গণতান্ত্রিক চর্চার পথ চূড়ান্তভাবে সংকুচিত করা হয়েছে, উগ্রবাদী ও ধর্মান্ধ শক্তির হিংস্র প্রভাব বেড়েছে এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা সম্পূর্ণ বিনষ্ট করা হয়েছে। তাঁর মতে, সাধারণ শিক্ষার্থীরা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে কোনো প্রকৃত গণতান্ত্রিক বা কাঠামোগত সংস্কারের জন্য নয়, বরং একটি নির্দিষ্ট দেশবিরোধী ও উগ্র রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে তাঁদের বলির পাঠা করা হয়েছিল।
সাদ্দাম হোসেন জোর দিয়ে বলেন, বর্তমান সংকটময় সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিচার করে নতুন প্রজন্ম এখন আবারও শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও প্রশাসনিক স্থিতিশীলতার প্রকৃত মূল্য উপলব্ধি করতে শুরু করেছে। ফলশ্রুতিতে দেশে সাংবিধানিক ধারাবাহিকতা, ধর্মনিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে এই জেন-জি প্রজন্মই রাজপথে আন্দোলন গড়ে তুলবে এবং শেখ হাসিনাকে দেশে বরণ করে নেবে।
উল্লেখ্য, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে একে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রতি অবমাননা বলে দাবি করলেও, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষ নাগাদ অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন।
