নিজস্ব প্রতিবেদক
সারাদেশে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে। পরে মো. সুজন মোল্লা নামে এক ছাত্রলীগ কর্মী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, সুজন মোল্লাসহ তিনজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের পাটগাতী শাখা কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ সময় সুজনকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না।’ পরে তারা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।
গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তারা বাইরে কাজ করছিলেন। দুপুরে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে কার্যালয়ে এসে একটি দরজার কিছু অংশ পুড়ে যেতে দেখেন। তবে ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হননি। তিনি আরও বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছেন, তারাই আবার ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেছেন।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
