নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের দিনে লগি-বৈঠা নিয়ে রাজপথে নেমে পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া মোড়ে অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচি চলাকালে একপর্যায়ে পুলিশের একটি টহল গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। এমন চরম উত্তেজনাকর পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামলেও রাজপথে এনসিপি, ইসলামী ছাত্রশিবির কিংবা ছাত্রদলের কোনো নেতাকর্মীর কার্যকর প্রতিরোধ বা উপস্থিতি চোখে পড়েনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী ছাত্রধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে লগি-বৈঠা হাতে জড়ো হতে শুরু করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করেন এবং তীব্র বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও লগি-বৈঠা হাতে তাঁদের সঙ্গে যোগ দেন।
বিক্ষোভকারীরা বিশাল মিছিল নিয়ে সামনের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের তীব্র বাগ্বিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে নেতাকর্মীরা লগি-বৈঠা উঁচিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের সড়কগুলোর নিয়ন্ত্রণ নিয়ে মহড়া ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।
