নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাড়ির প্রধান ফটকের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থেকেও আরও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রবেশমুখে ককটেল সদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পান উপস্থিত সংবাদকর্মীরা। খবর পেয়ে ধানমন্ডি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (বোম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে।
চিরকুট উদ্ধারের বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ফটকের সামনে থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। সেখানে পাওয়া কাগজের টুকরোটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওটা কোনো চিঠি নয়, একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে—‘জয় বাংলা। প্রজন্ম-৭১’।”
এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশেও দুটি তাজা ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে বেলা ১২টা ৫০ মিনিটের দিকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেখান থেকেও ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।
১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের দিনে রাজধানীর কেন্দ্রস্থলে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় এমন চিরকুট ও ককটেল উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।
