নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি ওয়ার্ড কার্যালয়। নাশকতামূলক এই অগ্নিকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেষ রাতের দিকে বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়টিতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে মাটিরাঙা ফায়ার সার্ভিস ও গুইমারা থানা-পুলিশের পৃথক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই কাঠের ও টিনের তৈরি দলীয় কার্যালয়টির ভেতরের সমস্ত আসবাবপত্রসহ পুরো স্থাপনাটি পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে ভোরের দিকে ক্ষুব্ধ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। পরে তাঁরা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা গভীর রাতের আঁধারে কার্যালয়টিতে পরিকল্পিতভাবে কেরোসিন বা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, “রাতের আঁধারে কারা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে, তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে।” পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
