নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা। এর আগে ভিডিওটি প্রকাশ করেন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত সুশান্ত দাস গুপ্ত।
ভিডিওতে দেখা যায়, শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামকে বহনকারী একটি অটোরিকশার গতিরোধ করেন একদল ব্যক্তি। এরপর তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হামলা চালানো হয়। এ সময় আত্মরক্ষায় দৌড়ে পালিয়ে যান হাসিব।
ভিডিওটি হামলাকারীরাই ধারণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এতে হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র, দা-সদৃশ একটি বস্তু দেখা যায়।
তবে হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
