ফোরটিন ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ প্রবাসী বাংলাদেশির প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ১৬ জনের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার ১ জন বাসিন্দা রয়েছেন।
প্রাথমিকভাবে শনাক্ত হওয়া নিহত ব্যক্তিরা হলেন—
নওগাঁর আত্রাই উপজেলা: গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক (পিতা: মো. সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (পিতা: মৃত বজলুর প্রামাণিক), মো. মোহন ও মো. সুমন (পিতা: গুফফার প্রামাণিক); খরস্রোতা গ্রামের মজিদুল (পিতা: মজনু) ও আব্দুল জলিল; উজানপই গ্রামের ফরিদ; ডুবাই গ্রামের শুভ ও সুমন; বোয়ালা গ্রামের হৃদয়; নওগাঁ গ্রামের শাহিন এবং সাদনগর গ্রামের সাগর। একই উপজেলার মিনহাজ নামের আরেক প্রবাসীর গ্রামের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
নাটোরের নলডাঙ্গা উপজেলা: দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বির।
রাজশাহীর বাগমারা উপজেলা: মরুগ্রাম, ডাংগাপাড়া এলাকার শ্যামল।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিহতদের পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। পরীক্ষা- নিরীক্ষা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে বিস্তারিত তথ্য ও পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
