নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র বলে চরম রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির সংসদ সদস্য নাছির চৌধুরী। বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) বিকেলে দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন বক্তব্য প্রকাশ করেন।
“আমরা তাদেরকে (আওয়ামী লীগ) নিয়ে একসাথে মুক্তিযুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে যাবে, কারণ তাদের আর কোনো পথ নেই।” হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থানের পর বিএনপির একজন সংসদ সদস্যের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি এই প্রকাশ্য তোষণ নীতি স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলকে চরমভাবে ক্ষুব্ধ করেছে।
সমাবেশে তিনি কেবল আওয়ামী লীগকেই নিজের মিত্র বানাননি, বরং নিজেদের স্থানীয় বিএনপির মধ্যকার গ্রুপিং ও লুটপাটের চিত্রও জনসম্মুখে উন্মোচন করে দেন। আগামী ৮ আগস্টের প্রস্তাবিত দলীয় কর্মসূচির বিরোধীতা করে তিনি বলেন, আজকের সমাবেশই মূল বিএনপি। এর বাইরে যারা আলাদা কর্মসূচি দিচ্ছে তারা মূলত দল ভাঙতে চায়।
নিজের আপন ভাই ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুক চৌধুরীর সঙ্গে বচসা এবং দলের ভেতরের দুর্নীতির অভিযোগের জবাবে ক্ষিপ্ত হয়ে নাছির চৌধুরী বলেন, “আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে চুরি-দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না, তারাই মূলত আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।” তবে তাঁর এই বক্তব্যে প্রকাশ পেয়ে গেছেবিএনপির অভ্যন্তরে এখন লুটপাট আর বাজেট ভাগের নিয়ন্ত্রণ নিয়ে কতটা নোংরা প্রতিযোগিতা চলছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও বিএনপি নেতা ফারুক সর্দার ও সাব্বির মিয়ার পরিচালনায় বিতর্কিত এই সমাবেশে নাছির চৌধুরীর স্ত্রী পারভিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমানসহ বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতা বক্তব্য দেন।
