নিজস্ব প্রতিবেদক
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্প এলাকা। মহানগরীর কোনাবাড়িতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ ও বিজিবি লাঠিপেটা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ওই এলাকার সাতটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে কোনাবাড়ি থানার জরুন এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠি হাতে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুনের দিকে আসেন। এ সময় তারা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। কারখানাগুলোতে তখন উৎপাদন কার্যক্রম চলছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা শ্রমিকদের ধাওয়া দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি সদস্যরাও পৌঁছান। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। বিকেল ৩টার দিকে মন্ডল গ্রুপের কয়েকজন শ্রমিক জরুন মোড়ে এসে ছয়-সাতটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শিল্প পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা সরে যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় ওই এলাকার সাতটি কারখানায় দিনের বাকি সময়ের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্য কারখানাগুলোতে উৎপাদন চলছে।
এর আগে সকালে বেতন বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ ১৪ দফা দাবিতে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং ভান্নারা-মৌচাক এলাকার জেনিথ ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা কারখানা থেকে চলে যান।
এদিকে কাশিমপুর থানাধীন নয়াপাড়া ও জিতার মোড় এলাকায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আরও ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো—কটন ক্লাব বিডি লিমিটেডের ইউনিট-১ ও ইউনিট-২, এমা সিনটেক্স লিমিটেড, তাসনিয়া ফেব্রিক্স লিমিটেড, মাল্টি ফ্যাবস লিমিটেড, মুনটেক্স ফেব্রিক্স লিমিটেড, কাইজার নিট ওয়্যার লিমিটেড, আলীম নিট বিডি লিমিটেড, এলিয়েন্ট টেক্স লিমিটেড, মাইমুন কমপ্লেক্স, ইসলাম নিট ওয়্যার লিমিটেড এবং ডেলটা নিট কম্পোজিট লিমিটেড। এর মধ্যে কটন ক্লাব বিডি ও আলীম নিট বিডি মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান।
শিল্প পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
