নিজস্ব প্রতিবেদক, ঢাকা :রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় ‘গোপন বৈঠক’ পরিচালনা ও সেখান থেকে পরবর্তীতে ঝটিকা মিছিল বের করার পরিকল্পনাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস. এম. রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মো. নান্নু মিয়া (৩৮), মো. আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) এবং মো. ইব্রাহিম হোসেন (৩৩)। জানা গেছে, তাঁদের মধ্যে যশোর জেলার চৌগাছা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক বেশ কয়েকজন দায়িত্বশীল নেতাও রয়েছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী গোপনে একত্রিত হয়ে মিটিং করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি চৌকস দল তাত্ক্ষণিকভাবে পুলিশ প্লাজার ওই রেস্তোরাঁয় গিয়ে ঘেরাও অভিযান পরিচালনা করে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গোপন বৈঠক শেষে গভীর রাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ঝটিকা মিছিল বের করা এবং সংগঠন পুনর্গঠনের পরিকল্পনা ছিল তাদের। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মানবতাবিরোধী অপরাধের বিচার চলায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তবে এর মাঝেও আত্মগোপনে থাকা দলটির কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও গোপন বৈঠকের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ রয়েছে।
গুলশান থানা সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান এবং তাঁদের মূল উদ্দেশ্য খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
