ফোরটিন ডেস্ক : সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের জনপ্রিয় টকশো ‘ঠিকানা’য় উপস্থিত হয়ে সম্প্রতি নিজের রাজনৈতিক অবস্থান ও আওয়ামী লীগ ঘেঁষা বক্তব্যের নিরপেক্ষ ব্যাখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। টকশোতে উপস্থাপক সরাসরি জানতে চান তিনি আসলে ‘গুপ্ত আওয়ামী লীগ’ কি না এমন প্রশ্নে কড়া ও কৌশলী জবাব দিয়েছেন এই বিএনপি নেত্রী।
সাক্ষাৎকারের একপর্যায়ে খালেদ মুহিউদ্দীন প্রশ্ন তুলে ধরে বলেন, গত এক বছর ধরে দর্শকদের একটি বড় অংশ অভিযোগ করছেন যে রুমিন ফারহানা মূলত আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখছেন এবং তাদের ন্যারেটিভ ধারণ করছেন। অর্থাৎ তিনি মনে মনে একজন ‘গুপ্ত আওয়ামী লীগার’।
এই অভিযোগের উত্তরে রসাত্মক ও ক্ষুরধার প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, “আমি যদি তাদের সব অভিযোগ সত্য বলিয়া ধরিয়া লই যে আমি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছি… তাহলে সম্ভবত আমি একটা ‘লাইফ সেভিং মেশিন’-এর মতন, বুঝছেন? যখন বিএনপি আইসিইউতে ঢোকে, আমি বিএনপিকে বাঁচাই; আর যখন আওয়ামী লীগ আইসিইউতে ঢোকে, তখন আমি আওয়ামী লীগকে বাঁচাই।”
পরবর্তীতে খালেদ মুহিউদ্দীন পুনরায় চেপে ধরে জানতে চান তিনি গোপনে হলেও আওয়ামী লীগ করেন কি না। জবাবে রুমিন স্পষ্ট করে বলেন, “না, আমি আওয়ামী লীগ করি না; অবশ্যই আমি আওয়ামী লীগ করি না।”
নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে এই রাজনীতিক নীতিগত অবস্থান তুলে ধরে বলেন, “যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার খসে পড়বে, তখন তাকে আঘাত করা হলো সবচেয়ে বড় কাপুরুষের কাজ। আমি আপনাকে তখনই বীর বলব, যখন আপনার প্রতিপক্ষ তার সর্বোচ্চ শক্তির অবস্থানে থাকা অবস্থায় আপনি তাকে আঘাত করবেন। আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, তখন আজকে যারা কমেন্ট করছেন তারা কোথায় ছিলেন?”
সবশেষে উপস্থাপক জানতে চান যাঁর প্রতি অন্যায় হচ্ছে তিনি তাঁর পক্ষেই কথা বলছেন কি না, যা এখন কাকতালীয়ভাবে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। এর উত্তরে ব্যারিস্টার রুমিন ফারহানা সংক্ষেপে সায় দিয়ে বলেন, “সিম্পল, একদম ভেরি সিম্পল।”
