নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার কর্মসূচির মাইকে হঠাৎ বেজে উঠল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রচিত গান। শনিবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মোড় এলাকায় বিএনপির দলীয় গান প্রচারের সময় মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি প্রচারের ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও হাসির খোরাক জুগিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল থেকেই চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে মাইক বেঁধে দলীয় গান ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাষণ প্রচার করছিল নগর বিএনপি। নগরের অন্যান্য এলাকার মতো বাণিজ্যিক এলাকা আগ্রাবাদেও চলছিল এই কর্মসূচি। তবে দলীয় সংগীত চলার একপর্যায়ে হঠাৎ মাইকে উচ্চস্বরে বাজতে শুরু করে শেখ হাসিনার বন্দনামূলক ওই গানটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাইকে গানটি সশব্দে বাজছে এবং আশপাশে রিকশা, অটোরিকশা ও পথচারীরা কৌতূহল নিয়ে তা প্রত্যক্ষ করছেন। বিএনপির আনুষ্ঠানিক দিবসের কর্মসূচিতে সরাসরি আওয়ামী লীগ সভাপতির বন্দনাগীত বেজে ওঠার ঘটনায় ফেসবুকজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
ঘটনার বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পরই ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলা হয়। আয়োজকেরা দাবি করেছেন, ইন্টারনেট থেকে ইউটিউবের মাধ্যমে একনাগাড়ে দলীয় গান বাজানো হচ্ছিল। স্বয়ংক্রিয় বা অটোপ্লে তালিকার মধ্যে অসতর্কতাবশত ওই গানটি যুক্ত হয়ে হঠাৎ বেজে ওঠে। বিষয়টি টের পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে মাইকের সংযোগ বিচ্ছিন্ন ও গানটি বন্ধ করে দেওয়া হয়। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন তাঁরা।
অন্যদিকে এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, “সারা দিন নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি আমার জানা নেই। তবে দলীয় এমন স্পর্শকাতর দিনে কীভাবে এবং কারা এই গানটি বাজিয়েছে, তা বিস্তারিত খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে।”
