নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে কয়েক মিনিটের ব্যবধানে হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মিনিটের ব্যবধানে একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এ সময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে নীলক্ষেত মোড় থেকে আরও একজনকে আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ক্যাম্পাসের কয়েকটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে দিয়েছেন। পরে নীলক্ষেত মোড় থেকে আরও একজনকে আটক করা হয়। ক্যাম্পাসে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ জানিয়েছে, আটক তিনজন হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া এলাকার রেজাউল করিম (৪২), রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার খুটিপাড়া এলাকার সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া এলাকার নাজমুস সাদ (৩৩)।
এ ছাড়া আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে রিকশায় করে এসে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
