ফোরটিন ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। দলটির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এই যোগদানকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে ফারজানা আফরোজকে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করে খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, ফারজানা আফরোজকে জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় বড় দায়িত্বে পদায়ন করা হচ্ছে। এর পরপরই বিভিন্ন মাধ্যমে প্রচার হতে থাকে যে ‘গোলাম মাওলা রনির স্ত্রী’ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন।
তবে এমন প্রচার পুরোপুরি নাকচ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওই নারী তাঁর স্ত্রী নন।
ফেসবুক পোস্টে ফারজানা আফরোজের রাজনৈতিক ও পারিবারিক অতীত তুলে ধরে গোলাম মাওলা রনি লেখেন, “এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।”
গোলাম মাওলা রনির এমন বিস্ফোরক মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একদিকে জামায়াত নেতার সঙ্গে অতীত সম্পর্ক এবং অন্যদিকে আওয়ামী লীগ নেতার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ সামনে আসার পরও তাঁকে এনসিপির কেন্দ্রীয় নারী সংগঠনে শীর্ষ পদে নেওয়ার বিষয়ে দলটির ভেতরে-বাইরে তৈরি হয়েছে নানা কানাঘুষা।
