নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নির্মিত ‘৩৬ জুলাই মঞ্চের’ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে একদল ব্যক্তি সেখানে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে পথচারী ও স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই চত্বরে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ মামুন জানান, ৩৬ জুলাই মঞ্চের স্মৃতিস্তম্ভে কয়েকটি ব্যবহৃত টায়ার এনে আগুন জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতকারীরা। খবর পেয়ে আমাদের টিম দ্রুত সেখানে পৌঁছায় এবং ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার পর পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এবং কী উদ্দেশ্যে শহীদ মিনার প্রাঙ্গণের এই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে, তা বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
