নিজস্ব প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগে সাবেক সংসদ সদস্য, অভিনয়শিল্পী, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরসহ দেশের ২৭ জন বিশিষ্ট ব্যক্তিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) দুপুরে রাষ্ট্রসংলাপ ফোরামের (SDF) কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগপত্রটি জমা দেন। অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, উত্থাপিত অভিযোগগুলো আইনানুযায়ী নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর যখন সশস্ত্র হামলা ও নির্যাতন চালানো হচ্ছিল, তখন অভিযুক্ত ব্যক্তিরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইন্ধন জুগিয়েছেন। কেবল আন্দোলন চলাকালেই নয়, অভ্যুত্থানের পরও তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে জুলাই যোদ্ধাদের কটাক্ষ করে নানা উসকানিমূলক বক্তব্য, স্ট্যাটাস ও ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রেখেছেন।
অভিযুক্ত ২৭ জনের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক সংস্কৃতিমন্ত্রী ও বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, নিপুন আক্তার, সাইমন সাদিক, জায়েদ খান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সুজাতা আজিম, অভিনেতা সাজু খাদেম, আজিজুল হাকিম, চন্দন রেজা, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, নাট্যব্যক্তিত্ব হৃদি হক, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল, মডেল মারিয়া কিশপট্টা, কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম, সাংবাদিক আনিস আলমগীর এবং শান্তা ফারজানা।
অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস জানান, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব গুরুতর অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
