নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি জুয়েল হোসেন নীরব নামের এক নেতাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদ ও তার অনুসারীদের বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) রাতে ঘটা এই বর্বরোচিত ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র আলোচনার সৃষ্টি হয়।
অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, এর আগে একটি মুঠোফোন কেনাবেচাকে কেন্দ্র করে শাহেদ ও জুয়েলের মধ্যে হাতাহাতি বা মারামারির ঘটনা ঘটেছিল। সেই পুরোনো বিরোধের জেরে রোববার রাতে সুপরিকল্পিতভাবে হাসপাতালের মতো একটি জরুরি সেবামেন্দ্রে ঢুকে জুয়েলের ওপর এই হামলা চালানো হয়।
ভাইরাল হওয়া ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েল হোসেনকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারা হয়। পাশাপাশি তাকে কিল, ঘুষি ও লাথি মেরে মারাত্মকভাবে রক্তাক্ত করা হয়।
হাসপাতালের ভেতরে ঢুকে রোগীর সেবা ও চিকিৎসাকেন্দ্রকে রণক্ষেত্রে পরিণত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল। তিনি বলেন, হাসপাতালের ভেতরে এ ধরনের সহিংসতা অত্যন্ত দুঃখজনক। পুরো মারধরের দৃশ্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। তবে হাসপাতালের ভেতরে এ ধরনের সংঘর্ষ বা মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে কিংবা আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
