নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা-ধোবাউড়া ব্যস্ত সড়কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ওপর মঞ্চ স্থাপন করে সভা পরিচালনা করায় কিছু সময়ের জন্য পুরো রাস্তা জুড়ে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের উভয় পাশে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন আটকে পড়ে সাধারণ যাত্রী এবং চালকদের চরম ভোগান্ত পোহাতে হয়।
আজ রোববার (২৬ জুলাই) বিকেলে তারাকান্দা-ধোবাউড়া সড়কে এ পথসভার আয়োজন করে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। সরেজমিনে দেখা যায়, কর্মসূচি চলাকালে মূল সড়কটি অবরুদ্ধ হয়ে পড়লে দূর-দূরান্তের যাত্রীদের দীর্ঘ সময় পর্যন্ত রোদের মধ্যে যানবাহনে অপেক্ষা করতে হয়। পরবর্তীতে পথসভা শেষ হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
ব্যস্ত সড়ক বন্ধ করে এভাবে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। স্থানীয় পথচারী রিপন মিয়া জানান, গণতান্ত্রিক অধিকার হিসেবে রাজনৈতিক কর্মসূচি পালন করা যেতেই পারে, তবে এর জন্য ব্যস্ত সড়ক বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। অন্যদিকে অটোরিকশাচালক মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, “স্কুল-কলেজের মাঠ বা খোলা জায়গা থাকা সত্ত্বেও রাস্তা আটকে সভা করায় আমাদের ঘুরে যেতে হয়েছে। এতে সময় এবং অতিরিক্ত জ্বালানি—দুটোরই অপচয় হলো।”
তবে জনভোগান্তির অভিযোগের বিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন জানান, তাঁরা প্রথমে যেসব স্থান চেয়েছিলেন, প্রশাসন সেখানে অনুমতির সম্মতি দেয়নি। পরে বিকল্প বাইপাস রাস্তা খোলা রেখে প্রশাসনই তাঁদের এই সড়কে পথসভা করার অনুমতি দেয়। তাঁর দাবি, পাশে বিকল্প পথ খোলা থাকায় সাধারণ মানুষের চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।
এদিকে প্রশাসনের শর্ত ভঙ্গের কথা নিশ্চিত করে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, “এনসিপির নেতারা প্রথমে শহীদ মিনার প্রাঙ্গণে সভার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেখানে প্রধান সড়কের ওপর যানজটের ঝুঁকি থাকায় তাঁদের বাইপাস সড়কে অনুমতি দেওয়া হয়। শর্ত ছিল, সড়কের অন্তত একটি পাশ খোলা রেখে সভা পরিচালনা করতে হবে যেন যান চলাচল স্বাভাবিক থাকে। তবে একপর্যায়ে তাঁরা পুরো সড়কটিই বন্ধ করে দেয়, যা শর্তের লঙ্ঘন।”
