বহুজাতিক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কুইন্সের উডসাইডে গুলশান টেরেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসে এই বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন এবং বহুজাতিক সমাজে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের ঐক্যকে আরও সুদৃঢ় করা।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্যারেডে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পেশাজীবী এবং কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বর্ণিল সাজসজ্জা, নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে দক্ষিণ এশিয়ার বৈচিত্র্য তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন কমিউনিটি নেতা, সংগঠক ও অতিথিরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে নিউইয়র্কে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
আয়োজকদের পক্ষ থেকে নিউইয়র্কের সব কমিউনিটির মানুষকে আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডে অংশ নিয়ে এই আয়োজনকে সফল করার আহ্বান জানানো হয়।
