ফোরটিন ডেস্ক : প্রাণঘাতী অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াটিক ক্যানসারের চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সাফল্যের দাবি করেছেন চিকিৎসাবিজ্ঞানীরা। ‘ডারাক্সনরাসিব’ (daraxonrasib) নামের দৈনিক সেবনযোগ্য একটি ট্যাবলেট প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে এই জটিল ক্যানসারের টিউমার ছোট করে আনতে এবং কিছু ক্ষেত্রে সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, প্রচলিত কেমোথেরাপির পাশাপাশি এই ওষুধটি সেবন করা প্রতি ১২ জন রোগীর মধ্যে ১ জনের (প্রায় ৮ শতাংশ) সিটি স্ক্যানে ক্যানসারের আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ট্রায়ালে অংশ নেওয়া ৬১ জন রোগীর—যাঁদের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল—প্রায় ৯০ শতাংশের ক্ষেত্রেই টিউমারের বৃদ্ধি পুরোপুরি থেমে গেছে। এ ছাড়া ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে।
যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা সংস্থা ‘ক্যানসার রিসার্চ ইউকে’ এই ফলাফলকে অগ্ন্যাশয় ক্যানসার রোগীদের জন্য ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছে। সংস্থাটির গবেষক ড. স্যাম গডফ্রে বলেন, এই নতুন ওষুধটি এমন একটি জৈবিক পথ খুঁজে বের করেছে, যা আগে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা অসম্ভব বলে মনে করা হতো।
সাধারণ ক্যানসারগুলোর মধ্যে অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসা সবচেয়ে জটিল এবং এতে রোগীদের বেঁচে থাকার হার সবচেয়ে কম। অ্যাডভান্সড বা শেষ পর্যায়ের রোগীরা প্রচলিত চিকিৎসায় সাধারণত মাত্র কয়েক মাস বেঁচে থাকেন। তবে এই ট্রায়ালে রোগীদের গড়ে দেড় বছর ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং এই সময়ের মধ্যে অনেকের ক্ষেত্রেই ক্যানসার ফিরে আসেনি। যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক ড. উংকি পার্কের মতে, এই চিকিৎসা রোগ নিয়ন্ত্রণের সময়কাল প্রায় দ্বিগুণ করছে, যা রোগীদের আয়ু বাড়াতে সাহায্য করবে। তবে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, এটিকে এখনই ক্যানসারের স্থায়ী নিরাময় হিসেবে দেখা উচিত হবে না।
অন্যান্য ক্যানসারেও আশার আলো
ডারাক্সনরাসিব একটি টার্গেটেড ইনহিবিটর চিকিৎসা, যা অগ্ন্যাশয় ক্যানসারের টিউমার বৃদ্ধির জন্য দায়ী ‘আরএএস’ (RAS) নামক জিনগত মিউটেশনগুলোকে আটকে দিয়ে নিষ্ক্রিয় করে ফেলে। ফুসফুস এবং ডিম্বাশয়ের ক্যানসারসহ আরও ডজনখানেক ক্যানসারে একই ধরনের মিউটেশন দেখা যায়। ফলে ইউরোপীয় ক্যানসার সম্মেলন ‘ইওআরটিসি-এনসিআই-এএসিআর সিম্পোজিয়াম ২০২৬’-এর চেয়ারম্যান অধ্যাপক এলেনা গারালদাসহ গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে অন্যান্য ক্যানসার রোগীদের চিকিৎসায়ও ওষুধটি কার্যকর হতে পারে।
ভয়াবহতা ও লক্ষণ
পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৫৩ হাজার এবং যুক্তরাজ্যে প্রায় ১০ হাজার ২০০ মানুষ অগ্ন্যাশয় ক্যানসারে মারা যান। জন্ডিস, ত্বকে চুলকানি, গাঢ় রঙের প্রস্রাব, ফ্যাকাশে মল, কোনো কারণ ছাড়াই দ্রুত ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং উচ্চ তাপমাত্রার জ্বর এই ক্যানসারের অন্যতম লক্ষণ হতে পারে।
