আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে কোনো ধরনের কলেজ ডিগ্রি কিংবা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সরকারি চাকরির সুযোগ তৈরি হয়েছে। নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি (এনওয়াইসিএইচএ) নগরীর চারটি বরোতে ফুলটাইম ‘কেয়ারটেকার’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদের বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার ২৯১ ডলার থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৭৭৯ ডলার। আকর্ষণীয় বেতনের পাশাপাশি থাকছে হেলথ ইন্স্যুরেন্স ও পেনশনসহ নানা সরকারি সুবিধা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ‘সিক্রেট এনওয়াইসি’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ডে কেয়ারটেকার পদে এই নিয়োগ দেওয়া হচ্ছে। এনওয়াইসিএইচএ-এর আবাসিক ভবনগুলোর রক্ষণাবেক্ষণ ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এসব কর্মী নেওয়া হবে।
নিউ ইয়র্ক সিটির সরকারি চাকরির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বা পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। এমনকি আবেদনকারীকে নিউ ইয়র্ক সিটির স্থায়ী বাসিন্দা হওয়াও বাধ্যতামূলক নয়। সবচেয়ে বড় সুবিধা হলো, এই পদে নিয়োগ পেতে প্রতিযোগিতামূলক সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিতে হবে না।
তবে ‘কেয়ারটেকার এক্স’ (Caretaker X) পদের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে—আবেদনকারীর অবশ্যই বৈধ ড্রাইভার লাইসেন্স থাকতে হবে এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মীদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে এনওয়াইসিএইচএ-এর আবাসিক ভবনগুলোর পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা। পাশাপাশি প্রয়োজনীয় মালামাল পরিবহন, আবর্জনা অপসারণ, খালি অ্যাপার্টমেন্ট নতুন বাসিন্দাদের বসবাসের উপযোগী করে প্রস্তুত করা এবং শীতকালে জরুরি ভিত্তিতে বরফ সরানোর কাজেও অংশ নিতে হবে।
বেতনের পাশাপাশি কর্মীরা নিউ ইয়র্ক সিটির নির্ধারিত হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান বেছে নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া অবসরকালীন সঞ্চয় কর্মসূচি এবং নিউ ইয়র্ক সিটি এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেমের (এনওয়াইসিইআরএস) আওতায় পেনশন সুবিধাও প্রযোজ্য হবে। সংস্থাটি জানিয়েছে, তাদের পরিচালিত আবাসিক ভবনের বাসিন্দাদেরও শর্ত পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা নিউ ইয়র্ক সিটির সরকারি চাকরির পোর্টালে গিয়ে ‘Caretaker X’ লিখে অথবা ‘৯০৬৪৫’ টাইটেল কোড ব্যবহার করে চাকরির বিজ্ঞপ্তি খুঁজতে পারবেন। এরপর পছন্দের বরো অনুযায়ী পদ নির্বাচন করে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুকলিনের ভ্যান ডাইক হাউসেসে ‘কেয়ারটেকার এক্স’ পদে আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং স্ট্যাটেন আইল্যান্ডে ‘কেয়ারটেকার পি’ পদে আবেদনের শেষ সময় ২ ডিসেম্বর। পদ ও এলাকাভেদে আবেদনের সময়সীমা এবং শর্ত ভিন্ন হতে পারে বিধায় আবেদন করার আগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখিত দায়িত্ব, ড্রাইভার লাইসেন্সের শর্ত ও শেষ তারিখ ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদসূত্র: নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি, এনওয়াইসি সিটি জবস, সিক্রেট এনওয়াইসি
