বাংলাদেশের মোংলা সমুদ্রবন্দরের উদ্দেশ্যে আসা একটি জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ও কয়েক লাখ অব্যবহৃত ফোরজি সিমকার্ড উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করার পর এসব পণ্যের প্রকৃত মালিক, আমদানিকারক ও গন্তব্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। জাহাজটির নথিপত্রেও অসংগতি পাওয়া গেছে। বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষের কাছেও জাহাজটি সম্পর্কে কোনো আমদানি-সংক্রান্ত তথ্য নেই। বিপুল পরিমাণ রাসায়নিক ও সিমকার্ডের মালিকানা এবং সম্ভাব্য গন্তব্য অজানা থাকায় ঘটনাটি ঘিরে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন উঠেছে।
গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে জাহাজটি আটক করা হয়। কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটিতে ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া ৫৪টি প্যালেটে কয়েক লাখ ব্ল্যাঙ্ক ফোরজি এলটিই সিমকার্ড উদ্ধার করা হয়।
জাহাজটির চলাচল সন্দেহজনক মনে হওয়ায় ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সদস্যরা সেটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় তল্লাশি চালানো হয়। পরে জাহাজটির নিবন্ধন স্থগিত থাকার তথ্য পাওয়া যায়। এর নথিপত্র নিয়েও অসংগতি ধরা পড়ে।
আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, জাহাজটির গন্তব্য ছিল বাংলাদেশের মোংলা সমুদ্রবন্দর। গত ৮ নভেম্বর সেখানে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষের কাছে জাহাজটি সম্পর্কে কোনো তথ্য নেই।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার এমডি গিয়াস কামাল জানিয়েছেন, তাঁদের কাছে জাহাজটির কোনো তথ্য নেই। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারেও জাহাজটির কোনো ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (আইজিএম) জমা পড়েনি। এমনকি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
সাধারণত আইজিএমে জাহাজে থাকা পণ্য, আমদানিকারক ও সংশ্লিষ্ট চালানের তথ্য থাকে। ফলে জাহাজটি সত্যিই বাংলাদেশের জন্য পণ্য নিয়ে আসছিল, নাকি মোংলাকে শুধু গন্তব্য হিসেবে দেখানো হয়েছিল, সেই প্রশ্ন উঠেছে।
এদিকে জাহাজটিতে পাওয়া রাসায়নিকের পরিমাণ বাংলাদেশের আমদানি পরিসংখ্যানের সঙ্গে বড় ধরনের ব্যবধান তৈরি করেছে। সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী অক্সিডাইজার। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে এর ব্যবহার রয়েছে। তবে রাসায়নিকটি প্রক্রিয়াজাত করে অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরি করা যায়, যা সলিড রকেট প্রপেল্যান্টের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ফলে সামরিক ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ২২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ২০টি প্রতিষ্ঠান ৫০টি চালানে মোট ৬৮৫ কেজি সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে।
অন্যদিকে ইন্দোনেশিয়ায় আটক এমভি স্টার লাইন থেকেই উদ্ধার হয়েছে ৪০৫ টন বা ৪ লাখ ৫ হাজার কেজি রাসায়নিক। অর্থাৎ প্রায় ১৭ বছরে বাংলাদেশের মোট আমদানির তুলনায় একটি জাহাজে পাওয়া রাসায়নিকের পরিমাণ প্রায় ৫৯১ গুণ।
এনবিআরের তথ্য অনুযায়ী, ওই ৫০টি চালানের মধ্যে ৩০টির পরিমাণ ছিল দুই কেজি বা তারও কম। সবচেয়ে বড় দুটি চালানের প্রতিটির পরিমাণ ছিল ৯৯ কেজি। এমন পরিস্থিতিতে একটি জাহাজে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে, এত বিপুল পরিমাণ রাসায়নিকের প্রয়োজন কার ছিল? কারা এর অর্থায়ন করেছে এবং এর প্রকৃত ব্যবহারকারী কে?
একই জাহাজে কয়েক লাখ অব্যবহৃত ফোরজি সিমকার্ড পাওয়ার বিষয়টিও তদন্তের দাবি রাখে। ব্ল্যাঙ্ক সিমকার্ড বৈধ বাণিজ্যিক পণ্য। মোবাইল অপারেটররা গ্রাহকদের জন্য নিয়মিত নতুন সিমকার্ড আমদানি করে। তবে এত বিপুলসংখ্যক সিমকার্ড কোন প্রতিষ্ঠান আমদানি করছিল এবং এগুলোর চূড়ান্ত ব্যবহারকারী কারা, তা এখনো স্পষ্ট নয়।
অতীতে সিমকার্ড ব্যবহার করে সন্ত্রাসী নেটওয়ার্কের যোগাযোগ কার্যক্রম পরিচালনার নজির রয়েছে। ২০১৮ সালে যুক্তরাজ্যে রাবার মালা নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৩৬০টি সিমকার্ড উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, এসব সিমকার্ডের নম্বর ও অ্যাকটিভেশন কোড ব্যবহার করে আইএসের সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপে অ্যাকাউন্ট খুলতে সহায়তা করা হতো। এ ঘটনায় তাঁকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে নর্থইস্ট নিউজ নামের একটি সংবাদমাধ্যম দাবি করেছে, এমভি স্টার লাইন থেকে উদ্ধার হওয়া রাসায়নিক ও সিমকার্ড মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে পৌঁছানোর উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। তবে দাবিটির পক্ষে কোনো মূল নথি বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠীর পরিচয়ও স্পষ্ট করা হয়নি। ফলে এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত নয়।
দাবিটি সত্য হলে বাংলাদেশের জন্য বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠবে। বাংলাদেশের বন্দর বা ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশের সশস্ত্র গোষ্ঠীর কাছে সামরিক কাজে ব্যবহারযোগ্য উপাদান পৌঁছানোর চেষ্টা হলে তা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় থাকবে না। এর প্রভাব পড়তে পারে সীমান্ত পরিস্থিতি, আঞ্চলিক সম্পর্ক ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানের ওপর।
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশের সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহের পরিকল্পনার নজির রয়েছে। ২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা তার অন্যতম উদাহরণ। ওই চালানে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় অস্ত্র, রকেট লঞ্চার ও গোলাবারুদ পাওয়া যায়। পরবর্তী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কাছে অস্ত্র পাঠানোর পরিকল্পনার বিষয়টি উঠে আসে।
এমভি স্টার লাইনের ঘটনায় এখন কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের প্রকৃত মালিক কে? কারা এই চালানের অর্থায়ন করেছে? কয়েক লাখ সিমকার্ড কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য আনা হচ্ছিল? মোংলা বন্দরকে গন্তব্য দেখানো হলেও বাংলাদেশের কাস্টমসে কোনো আইজিএম জমা পড়েনি কেন? জাহাজটির প্রকৃত গন্তব্যই বা কোথায় ছিল?
এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে রাসায়নিকগুলো মিসাইল তৈরির জন্য কিংবা সিমকার্ডগুলো কোনো সন্ত্রাসী সংগঠনের ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। একইভাবে মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চালানটির সংশ্লিষ্টতাও নিশ্চিত হয়নি।
