ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের থাকার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার সরকারি পরিকল্পনা বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। গত ১৬ নভেম্বর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের জেলা আদালতের বিচারক এফ ডেনিস সেইলর কেন্দ্রীয় সরকারের নতুন এই বিধিমালাটি সম্পূর্ণ বাতিলের নির্দেশ দেন। আদালতের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য আগের নিয়মই বহাল থাকছে।
যুক্তরাষ্ট্রের সরকারি আদালতের নথি সূত্রে জানা গেছে, দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) গত ১৭ জুলাই নতুন একটি বিধিমালা প্রকাশ করেছিল। প্রস্তাবিত ওই নিয়মে অধিকাংশ বিদেশি শিক্ষার্থীকে সর্বোচ্চ চার বছরের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছিল। কোনো শিক্ষার্থীর পড়াশোনা বা গবেষণা শেষ করতে এর চেয়ে বেশি সময় প্রয়োজন হলে তাঁকে মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হতো।
আগের প্রচলিত নিয়মে শিক্ষার্থীরা নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং অভিবাসনসংক্রান্ত শর্ত মেনে চলা সাপেক্ষে অনুমোদিত শিক্ষাক্রম শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারতেন। আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, নতুন বিধিমালা তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় যুক্তি ও প্রমাণ যথাযথভাবে উপস্থাপন করতে পারেনি। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার স্বাধীনতার ওপর নতুন বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের আইনগত ক্ষমতার সীমাও যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
মামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলো নতুন বিধিমালার তীব্র বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল, এই পরিবর্তন বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে বড় ধরনের জটিলতা তৈরি করবে। উচ্চতর আদালত পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত স্থগিত বা পরিবর্তন না করলে ১৬ নভেম্বরের চূড়ান্ত আদেশ অনুযায়ী আগের নিয়মই কার্যকর থাকবে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা?
আদালতের এই সিদ্ধান্তের ফলে ‘এফ-১’ (F-1) শিক্ষার্থী ভিসাধারীরা আগের নিয়ম অনুযায়ী অনুমোদিত শিক্ষাক্রমে ভর্তি থাকা এবং অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। তবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে, থাকার অনুমোদিত মেয়াদ এবং ভিসার মেয়াদ এক বিষয় নয়। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কেউ যুক্তরাষ্ট্রের ভেতরে বৈধ শিক্ষার্থী হিসেবে অবস্থান করতে পারেন, যদি তাঁর অভিবাসনসংক্রান্ত অনুমোদন (I-20) ও অন্যান্য শর্ত ঠিক থাকে।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা দীর্ঘমেয়াদি গবেষণা, পিএইচডি বা উচ্চতর ডিগ্রি অর্জনের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এটি বড় স্বস্তির খবর। তবে পড়াশোনা শেষ করা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন এবং কর্মসংস্থানের অনুমতির ক্ষেত্রে অন্যান্য প্রচলিত অভিবাসন আইন আগের মতোই মেনে চলতে হবে।
