নিজস্ব প্রতিনিধি : প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে চট্টগ্রাম মহানগরী থেকে তৌসিফ আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ জুন বৃহস্পতিবার নগরীর সদরঘাট থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তৌসিফ সদরঘাটের পশ্চিম মাদারবাড়ি টং ফকির মাজার লেইনের আব্দুল হাই বিল্ডিংয়ের মৃত আব্দুল হাইয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তৌসিফ স্থানীয় ছাত্রশিবিরের রাজনীতির সাথে সরাসরি জড়িত। চট্টগ্রাম নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ফজলে এলাহী শাহীনের উপস্থিতিতে অনুষ্ঠিত শিবিরের প্রশিক্ষণ কর্মশালাতেও তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পরিচয়ের পর তৌসিফ তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। তবে প্রতারণার এখানেই শেষ নয়; ভুক্তভোগীর অজান্তেই বেশ কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও গোপনে ধারণ করে রাখে তৌসিফ।
সম্পর্কের কিছুদিন পর তৌসিফ তার আসল রূপ ধারণ করে। সেই গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী নারীর ওপর দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন চালিয়ে আসছিল সে। একপর্যায়ে নিরুপায় হয়ে ওই নারী আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন।
গত ২৪ জুন ভুক্তভোগী নারী বাদী হয়ে সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই তৎপর হয়ে ওঠে সদরঘাট থানা পুলিশ।
পরদিন ২৫ জুন বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত তৌসিফকে গ্রেপ্তার করা হয়। সদরঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা আর কেউ জড়িত আছে কিনা, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।
