নিজস্ব প্রতিনিধি : রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা। পরবর্তীতে শিক্ষার্থীরা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়।
আজ রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত সজিব আলী (২৪) রাজশাহীর চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের একজন শিক্ষার্থী। আজ সকালে তিনি তাঁর চূড়ান্ত ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে আসেন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাঁকে চিনে ফেলেন এবং বিভাগের সামনে থেকেই তাঁকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে নিজেদের হেফাজতে নেয় এবং নগরীর বোয়ালিয়া থানায় নিয়ে যায়।
নগরীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত সাবেক ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
