নিজস্ব প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সন্তান বলে যে দাবি করেছেন, তা নিয়ে তীব্র কটাক্ষ ও রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে। এই দাবি খোদ শয়তানও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় সমসাময়িক রাজনীতি ও জামায়াত আমিরের মন্তব্য নিয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিও বার্তায় আরিফ বিল্লাহ বলেন, জামায়াতের আমির নিজেকে একটি ছোট-খাটো শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করছেন। তাঁর এই অবাস্তব দাবি বাংলাদেশের সাধারণ মানুষ তো দূরের কথা, খোদ শয়তানও কোনোদিন বিশ্বাস করবে না।
তিনি জামায়াত আমিরের এই বক্তব্যকে রাজনৈতিক মিথ্যাচার হিসেবে অভিহিত করে আরও বলেন, এই কথা শুনলে শয়তান নিজেই বলবে যে তার থেকেও বড় শয়তান হচ্ছে জামায়াতের আমির।
নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে আমজনতার দলের এই নেতা বলেন, শয়তান সাধারণত মানুষের মুখ দিয়ে নানা রকমের মিথ্যা কথা বলাই। কিন্তু শয়তান নিজে সশরীরে এসে কখনো মিথ্যা কথা বলে না। তবে জামায়াতের আমির নিজেই প্রকাশ্যে এমন অবলীলায় মিথ্যা কথা বলতে পারেন।
আরিফ বিল্লাহর মতে, জামায়াত আমিরের এই ধরনের রাজনৈতিক ডিগবাজি ও ইতিহাসের বিকৃতির কারণে শয়তানও তাঁকে নিজের চেয়ে বড় কাজ্জাব বা চরম মিথ্যাবাদী হিসেবে গণ্য করবে। ইতিহাসকে নিজের স্বার্থে ব্যবহার করার এই প্রবণতার তীব্র নিন্দা জানান তিনি।
