নিজস্ব প্রতিনিধি : মুক্তিযুদ্ধের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে নিয়মিত লেখালেখি করার জেরে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী নাজমুস এন নাজিমকে মব জাস্টিসের (Mob Justice) শিকার বানিয়ে পুলিশের কাছে সোপর্দ করার গুরুতর অভিযোগ উঠেছে। ছাত্রদল পরিচয়ধারী কিছু নেতাকর্মী ও অতিউৎসাহী মহলের বিরুদ্ধে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর অভিযোগ পাওয়া গেছে।
এই ন্যক্কারজনক ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও নানামুখী প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
অভিযোগে প্রকাশ, ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুস এন নাজিম সরাসরি কোনো ধরনের ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত নন। তিনি মূলত একজন স্বাধীনচেতা শিক্ষার্থী হিসেবে দেশের সমসাময়িক নানা বিষয়, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছিলেন। কেবল মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে লেখালেখি করার অপরাধেই তাঁকে সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু (টার্গেট) করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ঘটনার পর ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে আটক করে বনানী থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী সুনির্দিষ্ট অভিযোগে একজন সাধারণ শিক্ষার্থীকে থানায় সোপর্দ করা হলো, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্পষ্ট ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্বাধীন দেশে এভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় মব জাস্টিসের শিকার হওয়া এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। একই সঙ্গে তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
