আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে চিকিৎসা ব্যয়ের লাগামহীন খরচ অনেক প্রবাসী বাংলাদেশির জন্যই এক বড় ভীতি। স্বাস্থ্যবিমা (হেলথ ইনস্যুরেন্স) না থাকা কিংবা বিমা থাকার পরও ‘আউট অব পকেট’ অতিরিক্ত ব্যয়ের আতঙ্কে অনেকেই অসুস্থ হলেও চিকিৎসকের শরণাপন্ন হতে দ্বিধাবোধ করেন। বিশেষ করে নতুন অভিবাসী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং স্বল্প আয়ের পরিবারগুলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা প্রয়োজনীয় চিকিৎসা এড়িয়ে চলেন—যা পরবর্তীতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
তবে সঠিক তথ্য জানা থাকলে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমা ছাড়াও বিনা মূল্যে বা নামমাত্র খরচে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার একাধিক বিকল্প সুযোগ রয়েছে। দেশটির বিভিন্ন শহরে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র, অলাভজনক দাতব্য সংস্থা এবং বিভিন্ন মসজিদের উদ্যোগে পরিচালিত হচ্ছে একাধিক ‘ফ্রি ক্লিনিক’।
জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিচালিত হচ্ছে ‘বিমানা-জিএ ফ্রি ক্লিনিক’ (BMANA-GA Free Clinic)। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা জর্জিয়া চ্যাপ্টারের এই উদ্যোগে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডসহ জটিল বিভিন্ন সমস্যার চিকিৎসা পরামর্শ সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হয়। এমনকি কুয়েস্ট ডায়াগনস্টিকসের সহায়তায় এক হাজার ডলারের রক্ত পরীক্ষা মাত্র ৪০ থেকে ৫০ ডলারে সম্পন্ন করার সুযোগও রয়েছে এখানে। এর বাইরে আটলান্টার আল-ফারুক মসজিদেও নিয়মিত স্বেচ্ছাসেবী চিকিৎসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে ফ্রি মেডিকেল সেবা।
নিউইয়র্ক সিটিতে বসবাসকারীদের জন্য রয়েছে ‘চার্লস বি ওয়াং কমিউনিটি হেলথ সেন্টার’। এখানে রোগীর মাসিক আয়ের ওপর ভিত্তি করে শিশু, নারী ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া যোগ্য বিমাহীন অভিবাসীদের জন্য সিটি প্রশাসনের ‘এনওয়াইসি কেয়ার’ (NYC Care) কর্মসূচির মাধ্যমে স্বল্প খরচে চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে; যার হেল্পলাইন নম্বর ৬৪৬-৬৯২-২২৭৩।
বাফেলো শহরের ‘লাইটহাউস ফ্রি মেডিকেল ক্লিনিক’ (৩৪ বেনউড এভিনিউ) প্রতি শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দেয় (ফোন: ৭১৬-২২২-০৮০৫)। একইভাবে বাফেলোর ‘জেরিকো রোড কমিউনিটি হেলথ সেন্টার’-এ (১০২১ ব্রডওয়ে) বাংলা ভাষার সহায়তাসহ স্বল্প খরচে চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে (ফোন: ৭১৬-৫২৯-৩০২০)।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমা না থাকলেও ভয় পেয়ে চিকিৎসা এড়িয়ে চলা উচিত নয়। আশপাশের স্থানীয় মসজিদ, প্রবাসী সংগঠন কিংবা ফেডারেল সরকারের অফিশিয়াল ওয়েবসাইট (findahealthcenter.hrsa.gov)-এ নিজের জিপ কোড বসিয়ে সহজেই নিকটস্থ কমিউনিটি ক্লিনিকের সন্ধান নেওয়া যায়।
