নিজস্ব প্রতিবেদন: প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ন্যায়বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়ে ৬ দফা দাবি উত্থাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সংগঠনটির দাবি, উত্থাপিত দাবিসমূহ কেবল রাজনৈতিক বক্তব্য নয়; বরং শিক্ষার্থীসমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন।
তাদের ঘোষিত দাবির মধ্যে রয়েছে— রাজনৈতিক কারণে শিক্ষার্থীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করে শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করা, আইসিটি ট্রাইব্যুনাল বাতিল ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, এবং রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি।
এছাড়া শামীম মোল্লা, মাসুদ ও তোফাজ্জলসহ বিভিন্ন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও বলৎকারের ঘটনায় সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তুলে ধরা হয়।
সংগঠনটি আরও অভিযোগ করে যে, হামের টিকা সংক্রান্ত অর্থ আত্মসাৎ ও শিশু মৃত্যুর ঘটনার বিষয়ে দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পুনর্বিবেচনা এবং তেল, গ্যাস, সার ও বিদ্যুতের সুলভ মূল্য নির্ধারণের দাবি জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা বলেন, দেশে ন্যায়ভিত্তিক, গণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব দাবি উত্থাপন করা হয়েছে।
