নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মাদ্রাসায় পড়ুয়া এক শিশু ছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি লোকমান হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত লোকমান হোসেন ভোলা জেলার শশীভূষণ থানার চর শশীভূষণ এলাকার ইসলাম আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম সোনারং ক্লাব মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ই জুন সকাল ১১টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার এক মাদ্রাসাছাত্রকে সোনারং এলাকার একটি নির্জন অনাবাদি জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন লোকমান হোসেন। সেখানে কুপ্রস্তাবে ব্যর্থ হয়ে তিনি ক্ষিপ্ত হন এবং ধারালো অস্ত্র দিয়ে ছাত্রটির গলায় আঘাত করে তাকে হত্যার চেষ্টা চালান।
ওই সময় রক্তাক্ত অবস্থায় ছাত্রটির চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্ত লোকমান হোসেন সেখান থেকে পালিয়ে যান। ঘটনার দিন রাত ১০টা ১০ মিনিটে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
লোমহর্ষক এই ঘটনার পর থেকেই আসামি লোকমান দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে টঙ্গিবাড়ী থানা-পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে এবং একপর্যায়ে র্যাব-৭, চট্টগ্রামের সহায়তায় এক যৌথ অভিযান পরিচালনা করে তাকে পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
