নিজস্ব প্রতিনিধি : বরিশালে গত দুইদিন ধরে দফায় দফায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় নগরীর বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে সাবেক সিটি কাউন্সিলর জয়নুল আবেদিনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে শুক্রবার জুমার নামাজের পর পর্যন্ত বরিশাল নগরীর অন্তত চারটি পৃথক এলাকায় দফায় দফায় এসব মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিগুলোতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও অংশ নেন।
ঝটিকা মিছিলের পরপরই শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আল মামুন উল ইসলাম জানান, দেশকে নতুন করে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগের সাবেক নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন গলিত মিছিল বের করছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওইসব মিছিলের ভিডিও ফুটেজ গভীরভাবে পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়েছে। এরপরই অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
