মো. আসাদুল আলম | জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও সংবিধি অনুযায়ী উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে অর্পিত দায়িত্ব পালন করবেন।
নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থীবান্ধব, গবেষণামুখী ও আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। শিক্ষার্থীদের কল্যাণ, একাডেমিক উৎকর্ষ এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে কাজ করতে চাই। সকলের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা রাখি।”
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাইফুল আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ৬ জুন জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও ইতিবাচক পরিবর্তন আনবেন।
