মো. আসাদুল আলম | জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সামসুল আলম।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নিজের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. সামসুল আলম বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণাবান্ধব ও শিক্ষার্থীকেন্দ্রিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি ও প্রাণ হলো শিক্ষার্থীরা। তাদের স্বপ্ন, প্রত্যাশা এবং সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করব।
শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সৃজনশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা, গবেষণার সুযোগ বৃদ্ধি, লাইব্রেরি ও ডিজিটাল লার্নিং সুবিধার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে জ্ঞানচর্চা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধ সমানভাবে বিকশিত হবে।”
শিক্ষার্থীবান্ধব প্রশাসন গঠনের বিষয়ে গুরুত্বারোপ করে নবনিযুক্ত উপ-উপাচার্য বলেন, “ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থী যেন তার ন্যায্য অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সুস্থ একাডেমিক পরিবেশ পায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি সহ-শিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া ও নেতৃত্ব বিকাশমূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারণের কথাও উল্লেখ করেন। তার মতে, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়; বরং দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম কেন্দ্র।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. সামসুল আলমের নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তার দীর্ঘ শিক্ষাজীবনের অভিজ্ঞতা, গবেষণা কার্যক্রম এবং প্রশাসনিক দক্ষতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
