নিজস্ব প্রতিনিধি : দেশের টেলিভিশন মিডিয়া আবারও দলীয়করণের কবলে পড়তে যাচ্ছে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন গ্লোবাল টিভির হেড অব নিউজ নাজনীন মুন্নী। সম্প্রতি গঠিত টেলিভিশন সম্পাদকদের একটি কাউন্সিলে তাঁকে অন্তর্ভুক্ত না করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক।
ফেসবুক স্ট্যাটাসে নাজনীন মুন্নী প্রশ্ন তোলেন, একটি টেলিভিশনের সংবাদ প্রধান হওয়া সত্ত্বেও কেন তাঁকে ওই কাউন্সিলে ব্রাত্য করে রাখা হলো। তিনি লিখেছেন—
“বড় ভাইরা কি নারী হিসাবে অযোগ্য ভাবলেন, নাকি নারী নেতৃত্ব হারাম বলে? নাকি আমি বিএনপি-পন্থী সাংবাদিক নই বলেই?”
তাঁর অভিযোগ, নবগঠিত এই কাউন্সিলের অধিকাংশ সদস্যই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘনিষ্ঠ। অতীতে শেখ হাসিনার সঙ্গে সম্পাদকদের ছবি যেভাবে সমালোচিত হয়েছিল, বর্তমান পরিস্থিতিকেও তিনি একই দলীয় আনুগত্যের নতুন সংস্করণ হিসেবে দেখছেন। মুন্নীর দাবি, দলীয় এজেন্ডা বাস্তবায়নের এই অসুস্থ প্রতিযোগিতা টেলিভিশন মিডিয়াকে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাহীন করে তুলবে।
তিনি আরও উল্লেখ করেন, দলীয় আনুগত্যের বাইরে থাকা অভিজ্ঞ সাংবাদিকরা বর্তমানে দেশ ছাড়তে বা মামলার মুখোমুখি হতে বাধ্য হচ্ছেন। টেলিভিশনগুলো আবারও দলীয় “বাক্সে” পরিণত হতে যাচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সবশেষে পেশাদারিত্ব ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে নাজনীন মুন্নী মনে করিয়ে দেন, “দলীয় আনুগত্যের বাইরে যেটুকু, সেটুকুই আসল সাংবাদিকতা।”
