অমিত হাসান অমি, জবি প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাম্প্রতিক সময়ের জ্বালানি সংকট, গণপরিবহনে অতিরিক্ত চাপ এবং ঈদকে কেন্দ্র করে বাসভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা শহরভিত্তিক ফ্রি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈদের আগে নির্ধারিত সময়ে বিভিন্ন জেলার উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে। প্রাথমিকভাবে শিক্ষার্থীদের চাহিদা ও গন্তব্য অনুযায়ী রুট নির্ধারণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে দূর-দূরান্তের শিক্ষার্থীরা বাড়ি ফিরতে আর্থিক ও যাতায়াতজনিত দুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছে প্রশাসন।
জকসুর পরিবহন সম্পাদক মোঃ মাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় ও যানবাহনের সংকট প্রতি বছরই শিক্ষার্থীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী অতিরিক্ত ভাড়া বহন করতে হিমশিম খান। তাই শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
খুব শিগগিরই বাসের রুট, সময়সূচি ও নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
Comments
সংশ্লিষ্ট খবর
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
