আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে জনপ্রিয় মিষ্টি ‘রসগোল্লা’ ভেবে একটি দেশীয় বোমা মুখে দেওয়ার পর ভয়াবহ বিস্ফোরণে রাজেন্দ্র বারাউতিয়া (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারের জন্য তৈরি ওই বিস্ফোরকটিকে মিষ্টি ভেবে তাঁকে খেতে দেওয়া হয়েছিল। শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মধ্যপ্রদেশের দিনদোরি জেলার একটি গ্রামীণ এলাকায় শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র বারাউতিয়া। এ সময় গ্রামের এক ব্যক্তি সেখানে রসগোল্লা সদৃশ একটি বস্তু নিয়ে আসেন এবং উপস্থিত অপর এক ব্যক্তি সেটি মিষ্টি মনে করে রাজেন্দ্রকে খেতে দেন। পুরোটা একসঙ্গে মুখে পুরে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে রাজেন্দ্রর মুখমণ্ডল ও মাথা গুরুতরভাবে জখম হয়। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে দিনদোরি জেলার পুলিশ কর্মকর্তা রেখা সিং এএফপিকে জানান, ওই অঞ্চলের কিছু আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বুনো শূকর শিকারের জন্য এক ধরনের বিশেষ দেশীয় বোমা তৈরি করে থাকেন। সাধারণত আটা বা ময়দার নরম গোলার ভেতরে শক্তিশালী বারুদ ভরে এগুলো বানানো হয়। আকৃতিতে গোলাকার ও সাদা হওয়ায় এগুলো দেখতে হুবহু রসগোল্লার মতো মনে হয়, যা মানুষ সাধারণত আস্ত অবস্থায় মুখে দিয়ে খায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃতভাবে বা হত্যার উদ্দেশ্য ছাড়া অপরাধমূলকভাবে মৃত্যুর কারণ ঘটানোর (কালপেবল হোমিসাইড) অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
তবে রাজেন্দ্রকে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বোমাটি দেওয়া হয়েছিল, নাকি নিছক মজা বা অসাবধানতাবশত এটি ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ গভীরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
