ফোরটিন ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নয়াদিল্লির অবস্থান ও শর্তাবলি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানেই তাঁকে দেশে ফিরিয়ে দেওয়ার পক্ষে ভারত। পাশাপাশি তাঁর নিরাপত্তা ও মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে স্বচ্ছ বিচারের সুযোগ নিশ্চিত করার শর্ত সামনে এনেছে নয়াদিল্লি।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে ভারত দুটি প্রধান শর্তের কথা ভাবছে। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে সেক্ষেত্রে সামরিক বিমান পাঠিয়ে অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্ট দিয়ে সেনাসদস্যদের মাধ্যমে তাঁকে গ্রহণ করতে হবে।
দ্বিতীয়ত, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে নতুন করে ন্যায়বিচারের নিশ্চয়তা দিতে হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, নয়াদিল্লি কোনোভাবেই তাঁকে ‘আসামি’ হিসেবে সাধারণ বিমানে তুলে দিয়ে সরাসরি ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে চায় না। ভারতীয় নীতিনির্ধারকদের মতে, এতে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোর মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে। এ ছাড়া ভারতীয় সামরিক সূত্রের দাবি, দেশে ফেরার পর শেখ হাসিনার ব্যক্তিগত সুরক্ষার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে। তৃতীয় কোনো দেশে তাঁকে পাঠানোর একাধিক প্রচেষ্টা সফল না হওয়ায় দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে নয়াদিল্লি।
পাশাপাশি ভারতীয় নীতিনির্ধারকরা মনে করেন, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
বিবিসি বাংলার তথ্যমতে, এ বিষয়ে গত কয়েক মাস ধরে পর্দার আড়ালে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার নিয়মিত যোগাযোগকে এই প্রত্যাবর্তন প্রক্রিয়ায় কাজে লাগাতে চায় ভারত।
ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে এমন বোঝাপড়ার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে সাউথ ব্লকের এক কর্মকর্তার বরাতে বিবিসি বাংলা জানায়, জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশের বর্তমান সরকার আদৌ এই মুহূর্তে শেখ হাসিনাকে ফেরাতে চায় কি না, তা নিয়ে নয়াদিল্লির সন্দেহ রয়েছে। কারণ, তাঁর প্রত্যাবর্তন দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।
ওই কর্মকর্তার মতে, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে তাঁর ফেরা কঠিন জেনেও ভারত এই ঘোষণায় সম্মতি দিয়েছে যাতে ভবিষ্যতে নয়াদিল্লি বলতে পারে যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি।
