নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনের কড়াকড়ি উপেক্ষা করে গোপালগঞ্জে প্রকাশ্যে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে এই শক্তি প্রদর্শন করেন তাঁরা। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, দুপুরের দিকে শহরের লঞ্চঘাট ব্রিজে দায়িত্বরত পুলিশ সদস্যদের ঠিক সামনেই লাঠিসোঁটা উঁচিয়ে স্লোগান ও বিক্ষোভ করলেও পুলিশকে কার্যত নির্বাক ও নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় জড়ো হন ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী। তাঁরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ সরকারবিরোধী নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরতলীর গাপতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে লাঠিসোঁটা হাতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।
কিছুক্ষণ বিরতির পর দুপুর ১২টার দিকে শহরতলীর জেলা কারাগারের সামনে থেকে আরও একটি মিছিল বের হয়ে শহরের লঞ্চঘাট ব্রিজের ওপর এসে অবস্থান নেয়। সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। তবে পুলিশের উপস্থিতি তোয়াক্কা না করেই তাঁদের ঠিক সামনে জড়ো হয়ে দীর্ঘক্ষণ স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের কোনো ধরনের বাধা না দিয়ে কেবল নীরবে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।
নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রকাশ্যে লাঠিসোঁটা নিয়ে এমন মহড়া এবং পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শহরের দু-একটি স্থানে বিচ্ছিন্নভাবে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার ও অব্যাহত রয়েছে।
