নিজস্ব প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইলে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে টানা পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন রনিকে গ্রেফতার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত রনির মাকেও গ্রেফতার করা হয়েছে। ।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে নিরুদ্দেশ হন ছাত্রদল নেতা রনি। এরপর একটি ভাড়া বাসায় মেয়েটিকে টানা পাঁচ দিন আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ।
নিখোঁজ থাকাকালীন রনি এলাকায় স্বাভাবিকভাবে ঘোরাফেরা করলেও মেয়েটির কোনো হদিস দিচ্ছিলেন না। অবশেষে মেয়ের সন্ধান না পেয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে ঘাটাইল মডেল থানায় নাসির উদ্দিন রনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ।
মামলায় অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশি অভিযানে প্রধান অভিযুক্ত রনি এবং তার মাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ।
ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে একজন দায়িত্বশীল ছাত্রনেতার এমন কুরুচিপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক নিন্দা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ।
সাধারণ মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
