নিজস্ব প্রতিনিধি :
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন। ওকলাহোমা রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মোটরসাইকেল নিয়ে স্টেজ এন্ট্রি দেওয়ার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের একপর্যায়ে জায়েদ খান মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলের সামনে ও পেছনে থাকা ‘ফায়ার ওয়াক্স’ থেকে হঠাৎ আগুন ছিটকে তাঁর শরীরে ওপর পড়ে। ।
মঙ্গলবার ওকলাহোমা থেকে এই ঘটনার ভয়াবহতা তুলে ধরে জায়েদ খান জানান, আগুন লাগার পরও তিনি সেই অবস্থাতেই পারফর্ম চালিয়ে যান। এতে তাঁর শরীরের কয়েকটি জায়গা পুড়ে যায় এবং পরবর্তীতে ক্ষতস্থানে ব্যান্ডেজ ও চিকিৎসা নিতে হয়। ।
জায়েদ খান বলেন, ‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম। মঞ্চের ভেতর ঢোকার সময় আগুন ছিটকে এসে গায়ে লাগে। উপস্থিত কর্মীরা দ্রুত রেসকিউ না করলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত।’ ।
বর্তমানে তিনি ওকলাহোমাতেই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আগুনের তীব্রতায় শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছেন এই অভিনেতা। ।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ‘অন্তরজ্বালা’ খ্যাত এই নায়ক। সেখানে বিভিন্ন রাজ্যের বাঙালি কমিউনিটির আয়োজনে নিয়মিত পারফর্ম করছেন তিনি। তবে এই দুর্ঘটনার পর আপাতত সব কার্যক্রম স্থগিত রেখে বিশ্রামে থাকতে হচ্ছে তাঁকে।
