নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে তথ্য দেওয়ার জেরে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তার। এ ঘটনায় তিনি মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে জিডিটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি জানান, চিকিৎসকের অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
জিডিতে উল্লেখ করা হয়, উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন ডা. সায়মা আক্তার। গত ৩০ এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে ১১ বছর বয়সী এক শিশু তার কাছে এলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে শিশুটির সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, স্থানীয় এক মাদ্রাসাশিক্ষক তাকে ধর্ষণ করেছে।
পরবর্তীতে চিকিৎসক হিসেবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেন ডা. সায়মা। তার সেই বক্তব্য বিভিন্ন টেলিভিশন, অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হত্যাসহ সংঘবদ্ধ ধর্ষণের হুমকি পাচ্ছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।
এদিকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে ডা. সায়মা আক্তার প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা ও সহায়তা কামনা করেন। একইসঙ্গে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তাকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
