নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা আক্তার মিতার জামাতা আরমান রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আরমান রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল । দীর্ঘ কয়েক মাস কারাভোগের পর তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন । পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় কারাবরণ করার পর আজ তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন ।
আরমান রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন । মহান আল্লাহ যেন তাঁকে জান্নাত নসীব করেন, সেই দোয়া করা হয়েছে ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মরহুমের জানাজার সময় ও স্থান দ্রুতই স্থানীয়ভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে । কারামুক্তির অল্প সময়ের ব্যবধানে এমন অকাল মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
