নিজস্ব প্রতিনিধি :
রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ রেল স্টেশন এলাকায় এক পপকর্ন বিক্রেতা দম্পতিকে নৃশংসভাবে হামলা ও স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় বুধবার চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩৫), যিনি চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও ভুক্তভোগী দম্পতি সূত্রে জানা যায়, তারা ট্রেন ও স্টেশনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে নেমে স্টেশনের একটি দোকানে বসার পর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারী প্রথমে স্বামীকে পিটিয়ে জখম করে এবং পরে তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রেখে নগদ টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগ অনুযায়ী, স্বামীকে বেঁধে রাখার পর অভিযুক্ত ব্যক্তি ওই গৃহবধূকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী স্বামী জানান, হামলার সময় তিনি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি; পরে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করার পর তিনি জঙ্গল থেকে তাঁর স্ত্রীকে উদ্ধার করেন। সরদহ স্টেশনের মাস্টার ইকবাল কবির জানান, বিষয়টি জানার পরপরই তারা পুলিশকে অবহিত করেছেন।
চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক জানিয়েছেন, এ ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, পুলিশ সেই দিকটিও গভীরভাবে খতিয়ে দেখছে। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
