ফোরটিন ডেস্ক : রাজধানীর কোথাও আওয়ামী লীগের মিছিল বা কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে। যে কোনো মূল্যে দলটির এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে রাজধানীর থানাগুলোর ওসিদের কড়া নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। এতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজধানীর ৫০ থানার ওসিরা উপস্থিত ছিলেন।
সভায় গুলশানে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পুলিশ জানায়, মিছিল শুরুর মাত্র আট মিনিট আগে গোয়েন্দা তথ্য পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সময় পাওয়া যায়নি।
তবে ভবিষ্যতে রাজধানীর কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে সংগঠিত হয়ে মিছিল বা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসিকে জবাবদিহির আওতায় আনার কথাও বলা হয়।
সভায় রাজধানীতে ছিনতাই ও কিশোর গ্যাং দমনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রাজধানীর প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নজরদারি এবং আবাসিক হোটেলের অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
থানায় ওসিদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। দায়িত্ব পালনে গড়িমসি ও শৃঙ্খলাভঙ্গ না করার জন্য তাদের সতর্ক করেন ডিএমপি কমিশনার। কোনো জরুরি কাজে থানার বাইরে যেতে হলে জিডিতে বিষয়টি নোট করার পাশাপাশি একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরাধ প্রতিরোধে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে।
