নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীতে সবচেয়ে প্রভাবশালী ছায়া-নিয়ন্ত্রক হিসেবে যার নাম উচ্চারিত হচ্ছে, তিনি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। গুঞ্জন রয়েছে, পুলিশের বদলি, প্রমোশন আর পদায়নের ক্ষেত্রে তিনি যেন এক ‘অঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী’। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি নন, বরং তার স্ত্রী শামীমা পারভীন যিনি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
রাজনীতি সচেতন মহলে আলোচনা ছিল, রকিবুল ইসলাম বকুলের স্ত্রী হিসেবে শামীমা পারভীন অনেক আগেই বড় কোনো পদে আসীন হবেন। তবে ৫ আগস্টের পর দীর্ঘ তিন মাস অতিবাহিত হওয়ার পর এই ‘ক্রিম পোস্টিং’ পাওয়াকে বকুল দম্পতির ‘ধৈর্য ও কৃচ্ছ্রসাধন’ হিসেবে দেখছেন অনেকে। সমালোচকদের মতে, সরকারি চাকুরিজীবী হয়েও যিনি অতীতে প্রকাশ্যে দলীয় নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। তার এই পদায়ন মূলত রাজনৈতিক আনুগত্যেরই বড় পুরস্কার।
শামীমা পারভীন ঢাকার এসপি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে। বিশেষ করে ছাত্রদল নেতাদের ফেসবুক ওয়ালে তাকে ‘আপা’ ও ‘ভাবী’ সম্বোধন করে পোস্ট করার হিড়িক পড়েছে। একজন পেশাদার পুলিশ কর্মকর্তার নিয়োগে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের এই উচ্ছ্বাস জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে। প্রশ্ন উঠেছে, ডি-ফ্যাক্টো হর্তাকর্তা বকুলের নিয়ন্ত্রণাধীন ছাত্রদল কি তবে এখন ঢাকা জেলা পুলিশকেও নিজেদের ‘পারিবারিক দুর্গ’ মনে করছে?
অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর পুলিশ বাহিনীতে একক প্রভাব বিস্তারকারী রকিবুল ইসলাম বকুলের ‘লিঁয়াজো অফিসার’ হিসেবে কাজ করতেন তার স্ত্রী শামীমা পারভীন। বিশেষ করে পুলিশ কর্মকর্তাদের পদায়ন ও প্রমোশনের তদ্বিরে তার ভূমিকা ছিল প্রকাশ্য গোপনীয়তা।
বিশ্লেষকরা বলছেন, উনার দল সরকারে বসার তিন মাস পর এই পোস্টিং নেওয়াটা হয়তো এক ধরণের ‘কৌশলগত বিনয়’, নতুবা উনার যে প্রভাব তাতে তিনি সরাসরি ডিআইজি পদমর্যাদায় চলে গেলেও অবাক হওয়ার কিছু ছিল না।
সাম্প্রতিক সময়ে ঘটনাগুলো যখন জনমনে অস্থিরতা তৈরি করেছে, ঠিক তখন পুলিশের এই ধরণের রাজনৈতিক ঘনিষ্ঠ পদায়ন জনমনে অস্বস্তি বাড়াচ্ছে। যারা এই নিয়োগের সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে বকুল-ঘনিষ্ঠরা বলছেন, ‘বিনয় আর চক্ষুলজ্জা’ দেখিয়ে তিন মাস পর পোস্টিং নেওয়াটাই তো বড় মহত্ত্ব!
তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন পেশাদার পুলিশ বাহিনী কি শেষ পর্যন্ত ‘হাওয়া ভবন’ আমলের বিশ্বস্ত অনুসারীদের পারিবারিক তদারকিতেই পরিচালিত হবে? ঢাকার এসপি হিসেবে শামীমা পারভীনের ভূমিকা এখন টক অব দ্য টাউন।
