ফোরটিন ডেস্ক : জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। এ উপলক্ষে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২১ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে তারেক রহমানকে ব্যাপক অভ্যর্থনা জানানোর বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় নেতারা বলেন, অভ্যর্থনা কর্মসূচিতে কোনো ধরনের উসকানিতে উত্তেজিত না হয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে। ‘শুভেচ্ছা-স্বাগত’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করার প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়।
এ ছাড়া ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের সময়ও জাতিসংঘের বাইরে স্বাগত সমাবেশ সফল করতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন বক্তব্য দেন।
সভায় নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বাফেলো বিএনপি ও লং আইল্যান্ড বিএনপির নেতৃবৃন্দও এতে অংশ নেন।
সভা শুরুর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান।
এদিকে তারেক রহমানকে স্বাগত জানিয়ে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসসহ বিভিন্ন বাংলাদেশি বাণিজ্যিক এলাকায় ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। তার নিউইয়র্ক আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও কর্মতৎপরতা বেড়েছে।
