নিজস্ব প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পদ এবং সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। ১৮ এপ্রিল তারিখে দলের আহ্বায়ক বরাবর প্রেরিত এক চিঠিতে তিনি এই পদত্যাগের কথা জানান। একইসাথে দলের আদর্শচ্যুতি ও সাধারণ মানুষের আশাভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি।
পদত্যাগের পর নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়ে দ্যুতি অরণ্য চৌধুরী জানান, তিনি নির্বাচনের আগেই এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন “জাতীয় নারীশক্তি”র কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে তিনি বিস্মিত হয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, উক্ত কমিটির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি দলের সকল পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
আহ্বায়ক বরাবর দেওয়া পদত্যাগপত্রে দ্যুতি অরণ্য চৌধুরী লিখেছেন, “এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ এবং নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই দলের সাথে যুক্ত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দল যে প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন আর দেখা যাচ্ছে না।”
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের আশাভঙ্গ হওয়ার এই পরিস্থিতিতে তার পক্ষে দলের সাথে সম্পৃক্ত থাকা আর সম্ভব নয়। অদ্যই (১৮ এপ্রিল) তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
দ্যুতি অরণ্য চৌধুরী গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এনসিপির কেন্দ্রীয় কমিটির “সংগঠক (উত্তরাঞ্চল)” এবং ১৬ মে ২০২৫ তারিখে ‘জাতীয় যুবশক্তি’-র কেন্দ্রীয় কমিটির “সিনিয়র যুগ্ম সদস্য সচিব” হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন।
তার এই পদত্যাগপত্রের অনুলিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এ্যাডভোকেট তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
ভবিষ্যতে দেশ ও জনকল্যাণে নিজেকে স্বতন্ত্রভাবে নিয়োজিত রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন। এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের একজন নারী সংগঠকের এমন পদত্যাগ রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
