নিজস্ব প্রতিবেদক
ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের পাশে পুকুরপাড়ে বিলবোর্ডের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের সমর্থকদের মধ্যে আগে থেকেই কিছুটা বিরোধ ও উত্তেজনা বিরাজ করছিল।
চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান অভিযোগ করে বলেন, আমার সমর্থিত নেতাকর্মীরা নিয়মতান্ত্রিকভাবে পোস্টার লাগাতে গেলে সেলিম মোল্লার ছোট ভাইয়ের নেতৃত্বে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
তবে অপর প্রার্থী আবদুল খালেক সেলিম মোল্লা জানান, তিনি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে পোস্টার লাগানোর বিষয়টিকে কেন্দ্র করে হাতাহাতির কথা তিনি জানতে পেরেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
তিনি আরও সতর্ক করে বলেন, অন্যের পোস্টার ছিঁড়ে ফেলা বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টারের ওপর পোস্টার লাগানো আইনগত অপরাধ। ভবিষ্যতে এ ধরনের বিরোধ এড়াতে বিতর্কিত বা বিরোধপূর্ণ স্থানে পোস্টার না লাগানোর জন্য উভয় পক্ষকেই কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
